চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসের স্বল্প সময়ে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ৮ বছর ৩ মাস বয়সি শিশু রামিন নাওয়াফ মুগ্ধ। সে মিরসরাই পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনীয়া এলাকায় অবস্থিত দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার হিফজুল কোরআন বিভাগের একজন শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সে তার হিফজ সম্পন্ন করার গৌরব অর্জন করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুগ্ধ মূলত ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম মজুমদার ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র পুত্র। তার মা মিরসরাই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন প্রভাষক। মায়ের চাকরির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে মিরসরাই সদরে বসবাস করে আসছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের নভেম্বরে দারুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয়েছিল মুগ্ধ। এরপর নিজের প্রবল অধ্যবসায়, শিক্ষকদের নিরলস সহযোগিতা এবং বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনার ফলে মাত্র ১১ মাসের মধ্যে পুরো কোরআন হিফজ করতে সক্ষম হয় সে। পড়াশোনার ক্ষেত্রে তার গতি ছিল অত্যন্ত দ্রুত; প্রতিদিন সে কখনো ৪-৫ পৃষ্ঠা, আবার কখনো ৫-৭ পৃষ্ঠা পর্যন্ত সবক শোনাত। মাত্র ৮ বছর বয়সি এই শিশুর এমন অসাধারণ প্রতিভায় বিস্মিত হয়েছেন তার শিক্ষকরাও।
মুগ্ধর বাবা মাসুদুল ইসলাম মজুমদার বলেন, “ছোটবেলা থেকেই ওর স্বপ্ন সে কাবা শরীফের ইমাম হবে। আমরা তাকে বলতাম, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ এক দিন অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ, সে এত কম বয়সে হাফেজ হয়েছে। তার স্বপ্ন পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
মাদ্রাসার মুহতামিম আবু নাছের মোহাম্মদ ইউসুফ বলেন, “নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং বাবা-মায়ের সহযোগিতায় মুগ্ধ মাত্র ১১ মাসে হিফজ শেষ করেছে। এত কম বয়সে হিফজ সম্পন্ন করার ঘটনা বেশ বিরল। মুগ্ধের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চাই।”