মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে মো. আশ্রাফ আহমেদ নবীন। দীর্ঘ ১ বছর ৯ মাস ১০ দিনের কঠোর অধ্যবসায় ও প্রচেষ্টায় সে এই সাফল্য লাভ করেছে। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষক এবং মাদ্রাসার সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক আনন্দের পরিবেশ বিরাজ করছে।
আশ্রাফ আহমেদ নবীন চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার বাসিন্দা আব্দুল জলিলের পুত্র। সে চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদ্রাসার হিফজ বিভাগ ও পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী।
মাদরাসা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি পবিত্র কোরআন হিফজ শুরু করে আশ্রাফ। এরপর নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় চলতি বছরের ২৮ অক্টোবর সে ৩০ পারা হিফজ সম্পন্ন করে। মাদ্রসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার এই হিফজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এই বিষয়ে মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, “পবিত্র কোরআন মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। এটি হেদায়েতের আলো, সত্য-মিথ্যার পার্থক্যকারী এবং মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। মহান আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছেন এবং এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, যুগে যুগে অসংখ্য হাফেজ, কোরআনের শিক্ষক ও আলেম কোরআনের মূল আরবি পাঠ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই প্রেক্ষাপটে মাত্র ১০ বছর বয়সে মহান আল্লাহর রহমতে আশ্রাফের ৩০ পারা হিফজ সম্পন্ন করাকে অত্যন্ত আনন্দের বিষয় হিসেবে দেখছেন তিনি। তার এই অর্জনের পেছনে রয়েছে নিজস্ব অধ্যবসায়, মা-বাবার সার্বিক সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা।
আশ্রাফের ভবিষ্যৎ জীবন ও আমলের বিষয়ে দোয়া করে মাছুম বিল্লাহ বলেন, “আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন আশ্রাফকে পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দেন এবং দ্বীন ও মানবতার সেবায় নিয়োজিত রাখেন।”