রাত তখন প্রায় আটটা। স্থানীয় মসজিদের মাঠে এক কিশোরের জানাজার প্রস্তুতি চলছিল। শোকাতুর পরিবেশের মধ্যেই হঠাৎ খবর আসে, হাসপাতালে চিকিৎসাধীন তার বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক সংবাদ পাওয়ার পর তড়িঘড়ি করে ছোট ভাইয়ের জানাজা শেষ করা হয়। তাকে দাফন করার পরপরই স্বজনেরা দ্রুত হাসপাতালে ছুটে যান অপর ভাইয়ের মরদেহ আনতে।

গতকাল সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে প্রাণ হারানো দুই কিশোরের নাম ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা ওই এলাকার বাসিন্দা ফজলে কাদের এবং আরেফা সিদ্দিকা দম্পতির সন্তান। জানা গেছে, দুই ভাইই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। বড় হয়ে তারা ধর্মীয় শিক্ষায় আরও উচ্চশিক্ষা লাভ করবে—এমন স্বপ্ন বুনেছিলেন বাবা-মা। কিন্তু এক নিমেষেই শেষ হয়ে গেল সেই সব স্বপ্ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ঘরের ভেতরেই দগ্ধ হয় দুই ভাই। তারা একই বিছানায় পাশাপাশি ঘুমিয়ে ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের থাকার ঘরটিও সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ অবস্থায় উদ্ধার করে রোববার রাতেই দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে ছোট ভাই ওমর ফারুক মারা যান। আর রাত আটটার দিকে, যখন তার জানাজার প্রস্তুতি চলছিল, তখনই বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর সংবাদ আসে।

ঘটনার নেপথ্যে রয়েছে এক করুণ অসতর্কতা। জানা গেছে, রোববার রাতে ঘুমানোর আগে দুই ভাই স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে তাদের পাঞ্জাবি ইস্তিরি করেছিলেন। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকায় একটি মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল তাদের। ইস্তিরি করার পর কয়লার আগুন যথাযথভাবে নেভানো হয়নি। ধারণা করা হচ্ছে, সেই অবশিষ্টাংশ থেকে কাপড় কিংবা কম্বলে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

যেভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী এবং পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করার পর তা পুরোপুরি নেভানো হয়নি। ফলে ঘুমের মধ্যেই কাপড় বা কম্বলে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে ওমর ফারুক এবং রাত আটটার দিকে আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, করাইয়াঘোনা এলাকায় রেললাইনের পাশে নির্মিত টিনের বেড়া ও টিনের চালার ছোট ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। স্থানীয়দের মতে, বাড়ির পাশের জায়গাটি খোলা থাকায় বাতাসের তোড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

প্রতিবেশী জাফর আলম জানান, বাড়িটিতে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। টিনের চালার ছিদ্র দিয়ে বৃষ্টি আসা ঠেকানোর জন্য পলিথিনের ছাউনি দেওয়া হয়েছিল। এই পলিথিনের কারণেই আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের বাড়ি হওয়ায় তিনি প্রথম এগিয়ে যান এবং একটি ছেলেকে কোলে করে হাসপাতালে নিয়ে যান। জাফর আলম বলেন, “একটি ছেলেকে যখন কোলে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, তখন তার শরীরের পোড়া চামড়া আমার কাপড়ে লেগে গিয়েছিল। তখন খুব কষ্ট লাগছিল। তীব্র যন্ত্রণা সয়ে ছেলে দুটি মারা গেল।”

ওমর ফারুকের দাফন সম্পন্ন হয় রাত নয়টার দিকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জানাজা অনুষ্ঠিত হয় বড় ছেলে আবদুল্লাহর। শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়েছে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে।

আজ সকালে দুই কিশোরের বাবা ফজল কাদেরের সঙ্গে কথা হয়। কান্নায় ভেঙে পড়ে তিনি মুক্তকণ্ঠকে বলেন, “রাতে তিনি বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রীও অসুস্থ। ছেলেরা নিজেরাই স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করেছিল। অসতর্কতাবশত আগুন পুরোপুরি না নিভিয়ে ঘুমিয়ে পড়ে। পরে মশারি, কম্বল কিংবা কোনো কাপড়ে আগুন লেগে যায়। আগুনে পুড়ে গেছে পুরো ঘর।”

কথা বলতে বলতে স্তব্ধ হয়ে যান ফজল কাদের। এরপর তিনি বলেন, “আমার চার ছেলে। তাদের মধ্যে দুজন হাফেজ হয়েছে। বাকি দুজন এখনো ছোট। আমার দুঃখ ঘোচার সময় তারা চলে গেল। আমার কত দুর্ভাগ্য, এক ছেলের জানাজার প্রস্তুতির সময় আরেক ছেলের মৃত্যুর খবর শুনেছি। আমি বেঁচে আছি, এটাই বড় মিরাকল।”

ফজলে কাদেরের সঙ্গে কথা বলার সময় পাশের ঘর থেকে বুক চাপড়ে কান্নার শব্দ ভেসে আসছিল তার স্ত্রী আরেফা সিদ্দিকার। আঞ্চলিক ভাষায় তিনি বিলাপ করে বলছিলেন, “ও পুত, আঁরে হনে ভাত রাঁধি হাবাইবো। আঁরে হনে ওষুধ হাবাইবো। আঁর দুওয়া কোরআনর পাখি আল্লাহ লই গিইয়ই। আঁই ক্যানে থাইক্কুম।” (আমাকে এখন কে ভাত রান্না করে খাওয়াবে? কে ওষুধ খাওয়াবে? আমার দুটো কোরআনের পাখি আল্লাহ নিয়ে গেছেন। আমি আর কীভাবে বাঁচব?)

চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা আসমা উল হোসনা জানান, ফজল কাদেরের সংসারটি অত্যন্ত অভাবের। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করে যে আয় করেন, তা দিয়েই ছয় সদস্যের সংসার চলে। রেললাইনের পাশে খাসজমিতে ছোট ঘরে বসবাস করতেন তারা। এই এক দুর্ঘটনায় পরিবারটি সবকিছু হারিয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে কয়লার আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরিবারটিকে ইতিমধ্যে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আরও সহায়তার চেষ্টা চলছে।