কক্সবাজারের চকরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবুল দে নামের এক ফার্মেসি দোকানি প্রাণ হারিয়েছেন। বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজের চোখেই রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখেন ছেলে।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে। নিহত বাবুল দে (৬৫) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় ডুলাহাজারা বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
হাইওয়ে পুলিশ, নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাবুল দে। একই সময়ে তাঁর ছেলে রনি দে-ও অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রনি দে হঠাৎ লক্ষ্য করেন, তাঁর বাবা রক্তাক্ত অবস্থায় মহাসড়কের ওপর পড়ে ছটফট করছেন। দেখা যায়, দুর্ঘটনার তীব্রতায় বাবুল দের কোমরের নিচের অংশ মারাত্মকভাবে থেঁতলানো হয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে বাবুল দেকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান তাঁর ছেলে রনি দে। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনা প্রসঙ্গে রনি দে মুক্তকণ্ঠকে বলেন, ‘ধারণা করছি কোনো গাড়ির ধাক্কায় আমার বাবা নিহত হয়েছেন।’
হাইওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া মুক্তকণ্ঠকে জানান, হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাবুল দের মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে থানার এসআই খোকন চন্দ্র দাশ তাঁর বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহটি থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের চাওয়া ও দাবির প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।