বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মৃত্যুবরণ করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রাপ্ত তথ্যানুসারে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরপরই তাকে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহরের নামাজের পর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে এবং ৬ বছর বয়সী এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রামপাল থানায় দায়িত্ব পালনকালে শেখ রাজীব আল রশিদ সব শ্রেণি ও পেশার মানুষের সাথে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আসছিলেন।

তার এই আকস্মিক প্রয়াণে রামপালবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে বাগেরহাট জেলা পুলিশ। শেখ রাজীব আল রশিদের মৃত্যুতে বাগেরহাট জেলা পুলিশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।