খুলনার ফুলবাড়িগেট এলাকায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় এক তরুণ ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় পৃথক দুই ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন- ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)। খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে ৬টার দিকে ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন সিয়াম। তার বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে একই এলাকার ফুলবাড়ি মেইন গেটে ট্রেনের ধাক্কায় মারা যান জয়নাল আবেদীন। পরিবারের সদস্যদের না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রেললাইন ধরে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছান তিনি। এ সময় খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই এসএম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।