২০১৭ সালে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন নজরুল ইসলাম ওরফে বাবু (২৯)। তবে সেই যাত্রার পর আর ঘরে ফেরেননি তিনি। স্বজনরা জানেন না, তিনি আদৌ ঢাকায় পৌঁছেছিলেন কি না। নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর মুঠোফোনের নম্বরটি বন্ধ হয়ে আছে। দীর্ঘ প্রায় নয় বছর ধরে ছেলের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে তাঁকে খুঁজে বেড়াচ্ছেন বাবা গিয়াস উদ্দিন বেপারী।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন বেপারীর (৬৫) একমাত্র পুত্র নজরুল ইসলাম। এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন নজরুল। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে মতলব দক্ষিণ উপজেলার কলেজগেট এলাকায় দেখা যায় গিয়াস উদ্দিনকে। তিনি নিজের অটোরিকশা থামিয়ে স্থানীয় পথচারীদের তাঁর ছেলের ছবি ও এনআইডি দেখছিলেন। কেউ তাঁর ছেলেকে দেখেছেন কি না কিংবা তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন কি না, তা জানতে চাইছিলেন তিনি।

অটোরিকশা থেকে নেমে কিছু দূর হেঁটে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছে ছেলের ছবি দেখান গিয়াস উদ্দিন। দীর্ঘ প্রচেষ্টার পর কেউ কোনো তথ্য দিতে না পারায় একপর্যায়ে তাঁকে চোখের পানি মুছতে দেখা যায়।

নিজের আকুতি ব্যক্ত করে গিয়াস উদ্দিন বলেন, ‘ছেলেরে মনে অইলে বুকটা জ্বইলা উডে। কত জায়গায় কতবার ছেলেরে খুঁজতাছি। ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুরসহ অনেক জায়গায় হাঁইটা, অটো চালাইয়া তাঁরে খুঁজছি। পাইতাছি না।’ তিনি আরও জানান, ছেলের আয়েই তাঁদের সংসার চলত। এখন বাধ্য হয়েই বৃদ্ধ বয়সে তিনি অটোরিকশা চালাচ্ছেন। ছেলের নিখোঁজ হওয়ার দুঃচিন্তায় তাঁর স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১০ দিন পর তাঁর বাবা মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আত্মীয়স্বজন ও পরিচিতদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়।

নজরুল ইসলামকে খুঁজে পেতে ফেসবুক এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ছবিসহ প্রচার চালানো হয়েছে বলে জানান তাঁর চাচা মো. সিয়াম। তিনি আক্ষেপ করে বলেন, এত কিছুর পরেও তাঁর ভাতিজার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় পুরো পরিবার চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে।

বিষয়টি জানতে চাওয়া হলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, জিডির বিষয়টি খতিয়ে দেখা হবে। নজরুল ইসলামকে খুঁজে বের করার চেষ্টা করা হবে।