দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সঙ্গে বাংলাদেশ সরকারের মোট ২৭৫ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণচুক্তি এবং ২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং এই চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় প্রথম প্রকল্পটি হলো ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এই প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবে এবং এ জন্য এডিবি ১০০ মিলিয়ন ডলার ঋণ প্রদান করবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী এবং জলবায়ু-সহনশীল আবাসন অর্থায়নের সুযোগ আরও বিস্তৃত করা।

দ্বিতীয় প্রকল্পটির নাম ‘সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্ট’। এই প্রকল্পের জন্য এডিবি ১৭৫ মিলিয়ন ডলার ঋণ এবং ২ দশমিক ৭২ মিলিয়ন ডলার অনুদান প্রদান করবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এই প্রকল্পের বাস্তবায়ন দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।

উভয় ঋণের বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। উল্লেখ্য যে, দ্বিতীয় প্রকল্পের জন্য বরাদ্দকৃত অনুদানটি এডিবি পরিচালিত জাপান ফান্ড ফর প্রস্পেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর) থেকে প্রদান করা হবে।

১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে এডিবি বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতে সহায়তা প্রদান করে আসছে। এ পর্যন্ত এডিবি বাংলাদেশকে মোট ৩৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ঋণ এবং ৬৩৬ দশমিক ৫২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।