বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় আমূল সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বন্ড বাজার উন্মুক্ত করা এবং অর্থায়নের নতুন উৎস খোঁজার কৌশল নিয়ে দেশে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ঋণ সম্মেলনের আয়োজন করেছে সরকার। আগামী ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারে এই দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নেবেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞগণ।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছে। কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’। এই সম্মেলনে বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ করণীয় এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধনের কথা রয়েছে।
দুই দিনের এই কর্মসূচি জুড়ে মোট সাতটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি ঋণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা, ঋণ গ্রহণের কার্যকর কৌশল, স্থানীয় বন্ড বাজারের উন্নয়ন এবং বিকল্প অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। আলোচনায় অংশ নেবেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সুদ ও আসল পরিশোধের চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে কেবল ঋণের পরিমাণ নয়, বরং ঋণের ব্যয়, মেয়াদ, ঝুঁকি এবং ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি। এই সম্মেলনে এসব বিষয় গুরুত্ব পাবে। সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য একটি আলাদা ও কার্যকর কাঠামো গড়ে তোলা। এ লক্ষ্যে ‘ডেট ম্যানেজমেন্ট অফিস’ বা ঋণ ব্যবস্থাপনা কার্যালয় (ডিএমও) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব বিভক্ত হয়ে আছে। তবে ঋণ গ্রহণ, তথ্যের সংরক্ষণ, ঝুঁকি বিশ্লেষণ এবং পরিশোধের পরিকল্পনা আরও সমন্বিতভাবে পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশ্বের অনেক দেশে ডিএমও সরকারি ঋণ ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রতিষ্ঠান সরকারি ঋণের সামগ্রিক চিত্র বিশ্লেষণ, ঋণ গ্রহণের কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় কাজ করে। বাংলাদেশেও এই ধরনের কাঠামো গড়ে তোলার মাধ্যমে ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর বিষয়টি সম্মেলনে আলোচনায় আসবে বলে জানা গেছে।
স্থানীয় মুদ্রার বন্ড বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও এই সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি। বর্তমানে বাংলাদেশের সরকারি ঋণের একটি বড় অংশ আসে সঞ্চয়পত্র ও অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থা থেকে। অন্যদিকে বিদেশি ঋণের ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ওপর নির্ভরতা বেশি। এই অবস্থায় স্থানীয় মুদ্রার সরকারি বন্ডে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হলে অর্থায়নের উৎস আরও বিস্তৃত হবে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশ ও বিনিয়োগ প্রত্যাহারের সুযোগ, লেনদেনের স্বচ্ছতা, মুদ্রা রূপান্তর এবং নীতিগত স্থিতিশীলতার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে স্থানীয় মুদ্রার বন্ড বাজারে বিদেশি বিনিয়োগকারীদের প্রবেশের সুযোগ তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
প্রচলিত ঋণের পাশাপাশি সরকারি অর্থায়নের জন্য বিকল্প উৎস তৈরির বিষয়টিও আলোচনায় থাকবে। এ ক্ষেত্রে সুকুকসহ বিভিন্ন ধরনের বিকল্প অর্থায়ন পদ্ধতির সম্ভাবনা যাচাই করা হতে পারে। সুকুক হলো সম্পদভিত্তিক ইসলামি আর্থিক বিনিয়োগব্যবস্থা, যা সরকার অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য ব্যবহার করতে পারে। বিকল্প অর্থায়নের উৎস বাড়লে সরকারের অর্থ সংগ্রহের সুযোগ বাড়বে এবং নির্দিষ্ট কয়েকটি উৎসের ওপর নির্ভরতা কমিয়ে ঋণের বৈচিত্র্য আনা সম্ভব হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
ঋণে বাংলাদেশের বর্তমান অবস্থা কী
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়লেও আন্তর্জাতিক মানের তুলনায় ঋণ-জিডিপি অনুপাত এখনো খুব বেশি নয়। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে সরকারের দেশি-বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ লাখ ৫৯ হাজার কোটি টাকা। এর মধ্যে দেশি ঋণ ১২ লাখ ৯৫ হাজার কোটি এবং বিদেশি ঋণ ৯ লাখ ৬৪ হাজার কোটি টাকা। ঋণ-জিডিপি অনুপাত প্রায় ৪০ শতাংশ। তবে ঋণের পরিমাণের চেয়ে তা পরিশোধের সক্ষমতা নিয়েই বেশি উদ্বেগ রয়েছে, কারণ বাংলাদেশের রাজস্ব আয় তুলনামূলকভাবে কম। ফলে সরকারের আয়ের একটি বড় অংশ ঋণের সুদ পরিশোধেই ব্যয় হয়ে যাচ্ছে।
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে সরকারি ঋণের সুদ পরিশোধ আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে বাজেটের ব্যয় মেটাতে দেশীয় ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তি ও বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিদেশি ঋণের ক্ষেত্রেও কিস্তি ও সুদ পরিশোধে বাড়তি বৈদেশিক মুদ্রার প্রয়োজন হচ্ছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের ঋণ-জিডিপি অনুপাত প্রায় ৪৩ শতাংশ এবং ২০২৭-২৮ অর্থবছরে ৪৫ দশমিক ২ শতাংশে পৌঁছাতে পারে, অর্থাৎ ভবিষ্যতে ঋণের বোঝা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।