ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় সড়ক বিভাজকের ওপর গড়ে ওঠা অবৈধ সবজিখেত উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। এই উচ্ছেদ অভিযানের পাশাপাশি সেখানে নতুন করে বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হচ্ছে। অভিযানের আগে গত রোববার দিনভর ওই এলাকার সবজি চাষিদের তাদের লাগানো সবজি সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হয়।
চট্টগ্রাম সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর মুক্তকণ্ঠের অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন সড়ক বিভাগের নজরে আসে। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করে রোববার দিনভর মহাসড়কের মিরসরাই অংশে মাইকিং করা হয়। এর মাধ্যমে অবৈধভাবে সবজি চাষিদের সড়কদ্বীপে লাগানো গাছ সরিয়ে নিতে এবং ভবিষ্যতে পুনরায় গাছ কেটে অবৈধ চাষাবাদ না করার অনুরোধ জানানো হয়।
পরবর্তীতে গত সোমবার এবং গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত মহাসড়কের মিরসরাই অংশের মিঠাছড়া বাজার থেকে বারইয়ারহাট বাজার পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে সবজি খেত উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত স্থানে নতুন করে কৃষ্ণচূড়া, সোনালু, বকুল, টগর ও রাধাচূড়াসহ মোট ৭০ জাতের ফুলের গাছ রোপণ করা হয়েছে।
এই বিষয়ে চট্টগ্রাম সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সীতাকুণ্ড সার্কেল) সেগুন প্রসাদ বড়ুয়া মুক্তকণ্ঠকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ড অংশে সড়ক বিভাজকে অবৈধ সবজি চাষ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি আমরা। রোববার প্রথমে মাইকিং করে অবৈধ সবজি চাষিদের চাষ করা সবজি গাছ সরিয়ে নিতে অনুরোধ করা হয়।’
সড়ক বিভাগের এই কার্যক্রমের ফলে গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে মিরসরাই অংশের তিন কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ সবজিখেত সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে এবং সেখানে প্রায় ৭০টির মতো দেশীয় প্রজাতির ফুল গাছের চারা রোপণ করা হয়েছে।