দীর্ঘ অপেক্ষার পর ইংলিশ জায়ান্ট আর্সেনালকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়েছেন মিকেল আর্তেতা। এবার দলকে ইংলিশ ফুটবলের শীর্ষে ওঠানো স্প্যানিশ কোচের ওপর আরও দীর্ঘ সময়ের জন্য আস্থা রাখল উত্তর লন্ডনের ক্লাবটি। গানারদের সাথে নতুন চার বছরের চুক্তি করেছেন আর্তেতা, যার মেয়াদ ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত।
বুধবার নতুন চুক্তির ঘোষণা দিয়েছে আর্সেনাল। আগের চুক্তি অনুযায়ী ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত এমিরেটস স্টেডিয়ামে থাকার কথা ছিল ৪৪ বছর বয়সী এই কোচের।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে গত ২২ সেপ্টেম্বরই আর্তেতার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতার খবর এসেছিল। এবার সম্পন্ন হলো আনুষ্ঠানিকতাও।
নতুন চুক্তির পর আর্তেতা বলেছেন, ‘এই ক্লাবের সঙ্গে নিজের ভবিষ্যৎ যুক্ত করতে পারাটা আমার জন্য বিশেষ সম্মানের। আর্সেনালের ভালো চায় এমন অসাধারণ মানুষদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারব।’
সাম্প্রতিক সাফল্যকে শেষ নয়, বরং আরও বড় কিছুর শুরু হিসেবে দেখছেন আর্সেনাল কোচ।
Creating something special
Mikel Arteta has signed a new contract at The Arsenal 👇 — Arsenal (@Arsenal) October 7, 2026
Creating something special
Mikel Arteta has signed a new contract at The Arsenal 👇
‘আমরা এরই মধ্যে বিশেষ একটি সম্পর্ক গড়ে তুলেছি এবং এমন কিছু স্মৃতি তৈরি করেছি, যেগুলো সারাজীবন থাকবে। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, আমরা যা অর্জন করতে পারি, তার এটা কেবল শুরু।’
ক্লাবের মালিক স্ট্যান ক্রোয়েঙ্কে ও সহসভাপতি জশ ক্রোয়েঙ্কের আস্থার জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন আর্তেতা। আর্সেনালের ১৪০ বছরের ইতিহাসের এমন একটি সময়ে দলকে নেতৃত্ব দিতে পারাকে সম্মানের বলে উল্লেখ করেছেন তিনি।
২০১৯ সালের ডিসেম্বরে উনাই এমেরির স্থায়ী উত্তরসূরি হিসেবে আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন আর্তেতা। সেটিই ছিল তার কোনো ক্লাবের প্রধান কোচ হিসেবে প্রথম দায়িত্ব। এর আগে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি।
শুরুতে কঠিন সময় গেলেও ধীরে ধীরে আর্সেনালকে শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনেন আর্তেতা। টানা তিন মৌসুম প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার পর গত মৌসুমে তার অধীনেই ২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জেতে আর্সেনাল।
একই মৌসুমে ক্লাবটির ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও ওঠে তারা। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে টাইব্রেকারে হেরে ইউরোপ সেরার ট্রফি পাওয়া হয়নি।
ইংল্যান্ডের শীর্ষ চার বিভাগের বর্তমান কোচদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় একই ক্লাবের দায়িত্বে থাকা কোচও এখন আর্তেতা। আগামী ২২ ডিসেম্বর আর্সেনালের দায়িত্বে সাত বছর পূর্ণ হবে তার।
চলতি মৌসুমও ভালোভাবেই শুরু করেছিল বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম সাত ম্যাচ জয়ের পর আন্তর্জাতিক বিরতির আগে ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারে আর্তেতার দল।
প্রিমিয়ার লিগে এখন শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আর্সেনাল। আন্তর্জাতিক বিরতির পর শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবে তারা।