সামনেই শারদীয় দুর্গাপূজা। উৎসবের এই দিনগুলোতে মণ্ডপ থেকে মণ্ডপে ঘোরাঘুরির পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নেওয়া হয়। তবে উৎসবের আমেজে ঘরের রান্নায়ও কিছুটা বৈচিত্র্য থাকা প্রয়োজন। প্রতিদিনের পরিচিত খাবারের তালিকায় নতুনত্ব আনতে এবং ভিন্ন স্বাদ পেতে তৈরি করে নিতে পারেন মসলা ছাড়া দই-আলু। খুব অল্প কিছু উপকরণ ব্যবহার করে অত্যন্ত সহজে প্রস্তুত করা যায় এই বিশেষ পদটি। পূজার আয়োজনে এই বিশেষ রান্নার প্রণালীটি নিচে বিস্তারিত আলোচনা করা হলো—
দই-আলু তৈরির প্রয়োজনীয় উপকরণ:
সেদ্ধ করা ছোট থেকে মাঝারি আকারের আলু: ৫/৬টি
ভালোভাবে ফেটানো টক দই: ১ কাপ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
জিরে গুঁড়ো: আধা চা চামচ
আদা বাটা: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
চিনি: এক চা চামচ
পানি: প্রয়োজনমতো
ফোড়ন: ১ চা চামচ
তেজপাতা: ২ টি
সরিষার তেল: ২ টেবিল চামচ
কাঁচা মরিচ: ২ থেকে ৩টি
ধনেপাতা: সামান্য
প্রস্তুত প্রণালী:
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করে নিতে হবে। দইয়ের স্বাদ যেন আলুর ভেতরে ভালোভাবে মিশে যায়, সেজন্য আলুগুলো সামান্য হাতে চেপে ভেঙে নেওয়া যেতে পারে। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে আলোগুলো হালকা সোনালী করে ভেজে আলাদা করে তুলে রাখুন।
একটি বাটিতে টক দই ভালো করে ফেটে নিন। এর সাথে লবণ, চিনি এবং সামান্য পানি মিশিয়ে মিশ্রণটি মসৃণ করে নিন। এরপর ওই দইয়ের মিশ্রণে হলুদ, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে রাখুন।
এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে ফোড়ন, তেজপাতা এবং আদা বাটা দিয়ে অল্প সময় নেড়ে নিন। মশলার সুন্দর গন্ধ বের হয়ে এলে চুলার আঁচ একদম কমিয়ে দইয়ের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। দই যেন ফেটে না যায়, সেজন্য মিশ্রণটি অবিরাম নাড়তে হবে। মাঝারি আঁচে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে।
এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো কষানো মসলায় দিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী সামান্য উষ্ণ গরম পানি মিশিয়ে ৭ থেকে ৮ মিনিট ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
রান্নার বিশেষ টিপস:
দই যাতে কেটে না যায়, সেজন্য রান্নার আগে দই ভালোভাবে ফেটে নিতে হবে এবং দই দেওয়ার সময় চুলার আঁচ কম রাখতে হবে।
দই বেশি টক হলে সামান্য চিনি এর স্বাদের ভারসাম্য এনে দেবে।
সরিষার তেলের পরিবর্তে এই মেন্যুটি ঘি দিয়ে ও রান্না করা যায়।
কেন পূজার মেনুতে রাখবেন এই দই-আলু?
পুষ্টিগুণে সমৃদ্ধ এই পদের আলুতে রয়েছে কার্বোহাইড্রেট এবং দইয়ে আছে প্রোটিন ও ক্যালসিয়াম। কম তেল ও মসলা ব্যবহার করে তৈরি করা হয় বলে এটি তুলনামূলকভাবে একটি হালকা খাবার। উৎসবের ব্যস্ততার মাঝে খুব দ্রুত রান্না করে অতিথিদের সামনে পরিবেশন করা যায় এই স্বাস্থ্যসম্মত মেন্যুটি।
পূজার আয়োজনে নিরামিষ খাবারের তালিকা সাধারণত বেশ বৈচিত্র্যময় হয়। তবে কম উপকরণে ঝটপট এবং ভিন্ন স্বাদের কিছু তৈরি করতে চাইলে দই-আলু হতে পারে সেরা পছন্দ। আলু আর দইয়ের এই মেলবন্ধনে তৈরি পদটি যেমন সহজ, তেমনি স্বাদেও অনন্য।