সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালীন শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) কীটনাশকের ট্যাবলেট সেবনের ফলে মৃত্যু হয়েছে। এই ঘটনার পর অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত আব্দুস সালাম গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্থায়ী ঠিকানা পাবনার ঈশ্বরদী উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিমগাছী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সহকর্মী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নিমগাছী শাখায় গত কয়েক দিন ধরে অডিট কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এই সময়ে আব্দুস সালামকে বেশ উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত মনে হচ্ছিল বলে জানিয়েছেন তার সহকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি দুটি কীটনাশকের ট্যাবলেট সেবন করেন। এরপর পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে তার মৃত্যু হয়।

গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার কর্মী শফিকুল ইসলাম জানান, অডিট চলাকালীন আব্দুস সালামকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছিল। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব”। এরপর তিনি কীটনাশক ট্যাবলেট সেবনের কথা জানান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শফিকুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা এবং ব্যাংকের কর্মীরা অডিট কমিটির সদস্যদের অবরুদ্ধ করে ফেলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে যায়। তবে এই বিষয়ে নিহতের পরিবারের সদস্য বা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।