বরিশাল আদালত চত্বরে প্রতিদিনের মতোই মানুষের ভিড়, আইনজীবীদের ব্যস্ততা আর বিচারপ্রার্থীদের কোলাহলে মুখর পরিবেশ। এরই মাঝে হঠাৎ ১০ তলা বিশিষ্ট জুডিসিয়াল ভবনের ওপর থেকে ভেসে আসে এক বিকট শব্দ। জানা যায়, ভবনের ৬ তলা থেকে একজন ব্যক্তি নিচে আছড়ে পড়েছেন। এই আকস্মিক ঘটনায় মুহূর্তের মধ্যেই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নাজমুল হক (৩০) নামের এক যুবককে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পরবর্তীতে জানা যায়, নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল নগরীর কাশিপুর হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে।

ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে আদালত প্রাঙ্গণে এসে ঠিক কী ঘটেছিল, সরকারি কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত নাজমুল সেখানে কেন এসেছিলেন এবং কীভাবে তিনি ৬ তলা থেকে নিচে পড়ে গেলেন—সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুরো বিষয়টি রহস্যের আড়ালে রয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, “মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “তিনি কেন আদালতে এসেছিলেন এবং ৬ তলা থেকে কীভাবে নিচে পড়ে গেলেন, তা এখনো স্পষ্ট নয়। রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।”