দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করবে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)।
গত সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আইডিএ-র মধ্যে একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) অর্থায়ন করা হবে, যার আর্থিক মূল্য প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পটির বাস্তবায়ন সময়সীমা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
চুক্তিটি নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জঁ পেম।
প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে অর্থ বিভাগ (এফডি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “রোপণ মৌসুমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দেশে খাদ্য নিরাপত্তা জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।”
ঋণ চুক্তির শর্তাবলি অনুযায়ী, উত্তোলিত ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এছাড়া অনুত্তোলিত ঋণের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারিত থাকলেও বিশ্বব্যাংক দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে এই ফি থেকে অব্যাহতি দিয়ে আসছে। চলতি অর্থবছরেও এই ফি মওকুফ করা হয়েছে। পাঁচ বছরের রেয়াতকালসহ (গ্রেস পিরিয়ড) মোট ২৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।
বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক কাজ করে যাচ্ছে। এই নতুন অর্থায়নের ফলে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো নির্মাণ এবং জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কার্যক্রম পরিচালিত হচ্ছে।