মানিকগঞ্জে কৃষকদের ভোগান্তি নিরসনে সারের কৃত্রিম সংকট রোধ এবং সময়মতো সরবরাহ সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। সারের প্রকৃত পরিস্থিতি জানতে মজুত, চাহিদা ও সরবরাহের হালনাগাদ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় সারের সুষ্ঠু সরবরাহের পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও জনস্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও মানিকগঞ্জে মাদক নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য, ডেঙ্গু প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়াসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য, ট্রাফিক ব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় খাদ্য উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ পর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি অনিয়ম রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত হয়। মাদক নিয়ন্ত্রণে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ওপর জোর দেওয়া হয়। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিানের পাশাপাশি হাসপাতালে রোগীদের উন্নত সেবা ও নার্সদের সুব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেওয়া হয়। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ পার্কিং রোধে কঠোর ব্যবস্থার কথা বলা হয়।
এছাড়াও প্রকাশ্যে ধূমপান বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ-সংক্রান্ত বিষয়ে প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়।