সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় রোববার (৪ অক্টোবর) রাতে এই উদ্ধার অভিযান চালানো হয়।

নিহত জাহেদুল ইসলাম শুভ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবরামপুর এলাকার বাসিন্দা। তিনি লাল মোহাম্মদ ভূঞা বাড়ির শহিদ উল্লাহ মিয়ার ছেলে।

শুভর সহকর্মী আরিফ জানান, শুভ একটি দোকানে কর্মরত ছিলেন। ঘটনার দিন আসরের আজানের সময় শুভ ভবনের ছাদে উঠেছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর কারও কোনো যোগাযোগ হয়নি। পরবর্তীতে এশার নামাজ শেষ করে রাতে রান্নার প্রস্তুতির সময় আরিফ ছাদে যান। সেখানে লাইট জ্বালিয়ে তিনি শুভকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার পরপরই শুভর কফিলের (নিয়োগকর্তা) মাধ্যমে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সিআইডিসহ সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পুলিশ আরিফকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তার প্রয়োজনীয় তথ্য ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের পর তাকে ছেড়ে দেয়।

জানা গেছে, বর্তমানে শুভর মরদেহ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের প্রয়োজনীয় পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। তদন্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের মামা সিদ্দিক রাজু মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “এক ভাই এক বোনের মধ্যে শুভ ছিল বড়। সে পরিবারের সবার আদরের সন্তান ছিল। তার মৃত্যুর বিষয়টি আমাদের খুব কষ্ট দিচ্ছে। ধারণা করছি, কারও প্ররোচনা এর পেছনে কাজ করছে। আমরা তথ্য-প্রমাণ যোগাড় করছি। এ বিষয়ে আদালতের দারস্থ হব।”