পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা এলাকার একটি ছাত্রীনিবাস থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের 'চাঁদের আলো ম্যাচ' নামক ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাইদা আক্তার রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের কন্যা। তিনি পাবনা শহীদ সরকারি বুলবুল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন।

তবে এই মর্মান্তিক মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।”