পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারালেন সালমান আগা। তবে শুধু নেতৃত্বের পরিবর্তনই নয়, টি-টোয়েন্টি দল থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর পরিবর্তে এশিয়ান গেমসে রুপা জয় করা দলের অধিনায়ক সাহিবজাদা ফারহানকে নতুন অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্যও আজ দল ঘোষণা করেছে পিসিবি। ২০ ওভারের সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে সাত ম্যাচের ওই টুর্নামেন্ট। এই ত্রিদেশীয় প্রতিযোগিতায় পাকিস্তানের পাশাপাশি অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে পাকিস্তানের নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি।
২০২৪ সালে প্রথমবারের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সালমান আগা। তাঁর নেতৃত্বাধীন সময়ে পাকিস্তান মোট ৫০টি ম্যাচের মধ্যে ৩১টিতে জয়লাভ করেছে এবং ১৮টিতে পরাজিত হয়েছে। এছাড়া একটি ম্যাচ অমীমাংসিত ছিল।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নেওয়াজ, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, খাজা নাফি (উইকেটকিপার), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, সাদাব খান ও সুফিয়ান মুকিম।
অন্যদিকে, পাকিস্তান ওয়ানডে দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, গাজী ঘোরি, হারিস রউফ, হাসান নেওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের মাধ্যমেই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় ফিরছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন এজবাস্টন টেস্টের চমক রাজাউল্লাহ। এই অলরাউন্ডারকে ওয়ানডে দলেও রাখা হয়েছে।