গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সিংগুয়া উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে অন্তত ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে ১২ জনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
সিংগুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হওয়ার কিছু পরেই হঠাৎ প্রচণ্ড বজ্রপাত হতে থাকে। ওই সময় বিদ্যালয় ভবনে পাঠদান চলছিল। বিকট একটি বজ্রপাতের শব্দে নিচতলার অন্তত ১৮ শিক্ষার্থী হঠাৎ আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের সবাই ছাত্রী।
তিনি আরও বলেন, “শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের সিএনজি-অটোরিকশায় করে পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে বাড়িতে পাঠানো হয় এবং বাকিদের হাসপাতালে ভর্তি রাখা হয়।”
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, দুপুরে ১২ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে সাতজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরাও এখন শঙ্কামুক্ত। বজ্রপাতের বিকট শব্দে ভীতি ও আতঙ্কের কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছিল।