গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন সিএনজিচালক শামীম মিয়া (৪৫), যিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক যাত্রীকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।