ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চৌরাবাড়ী মোড় এলাকায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বালুবাহী ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর ১টার দিকে বারইগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্পট্রাক যাত্রীবাহী অটোরিকশার সাথে ধাক্কা খায়। প্রাথমিকভাবে ঘটনাস্থলে একজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজন আহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "গুরুতর আহত অবস্থায় একজন পুরুষ ও চারজন নারীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।"

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে চেষ্টা চলছে। তিনি বলেন, "এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"