ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দুটি মাহিন্দ্রা গাড়ি দাঁড়িয়ে ছিল। ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এবং ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির ইউনাইটেড পরিবহনের বাসটি একই সময়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। বাসটি পেছন থেকে তিনটি গাড়িকে ধাক্কা দেয়।

ধাক্কায় বাসটি ঘটনাস্থলে উল্টে পড়ে। এ সময় মাহিন্দ্রা ও অটোরিকশার চালকসহ মোট ১০ জন আহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজন পুরুষকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আল আমিন বলেন, "এখন পর্যন্ত দুর্ঘটনায় আহত পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী রয়েছে। তাদেরকে ভর্তি করে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।"

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। নিহত দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।