গাজীপুর নগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা তিনটার দিকে ধীরাশ্রম জিকে আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে জয়দেবপুর-টঙ্গী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নগরের হায়দরাবাদ এলাকার মৃত আবুল কাসেম আলীর ছেলে মহিউদ্দিন ওরফে মহর আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৬০) অন্তর্ভুক্ত। আহতদের মধ্যে আব্দুল মোতালেব, আল আমিন ও রুবেলের নাম জানা গেছে। আহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ফরহাদ হোসেন বলেন, "দুর্ঘটনার পর পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রুবেলকে তাঁর স্বজনেরা ঘটনাস্থল থেকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন।"

সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ধীরাশ্রম এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত তিনজনই পুরুষ এবং তারা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, "পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাকের চালক মোহাম্মদ শহীদ আলী সরমানকে (৩২) আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"