এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি-র (ইবিএল) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান এম গাজিউল হক আজ সোমবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি তাঁর জীবনসঙ্গিনী সুলতানা হক, ইবিএলের বর্তমান চেয়ারম্যান ও পুত্র আনিস আহমেদ, কন্যা আনিলা হকসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মৃত ব্যক্তির জানাজা আজ বাদ মাগরিব ঢাকার গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এম গাজিউল হক সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৩টির বেশি দেশে এই গ্রুপের কার্যক্রম বিস্তৃত। এমজিএইচ গ্রুপের ব্যবসায়িক পরিধির মধ্যে রয়েছে সমন্বিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লো-কস্ট এয়ারলাইনসের জন্য টোটাল কার্গো ম্যানেজমেন্ট (টিসিএম), এয়ারলাইনসের গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, আন্তসীমান্ত মালবাহী রেলসেবা, স্যাটেলাইট ফুলফিলমেন্ট সেন্টার (এসএফসি) পরিচালনা, এফএম রেডিও, চা ও রাবার বাগান, খাদ্য ও পানীয় এবং বাণিজ্যিক ব্যাংকিং।

ব্যাংকিং খাতের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক ছিল। ১৯৯৩ সালে তিনি ইবিএলের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং পরবর্তীতে দুই মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাজীবনের শুরুতে তিনি ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে যুক্ত হন। ১৯৭৬ সালে তিনি উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির রূপান্তরের মাধ্যমে বার্ডস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশসহ এই অঞ্চলের ব্যবসা ও উদ্যোক্তাদের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ইবিএলের বিকাশে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। ব্যাংকটির প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং করপোরেট সুশাসন জোরদার করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

এম গাজিউল হকের এই প্রয়াণে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক গভীর শোক প্রকাশ করেছেন।