জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্যবসায়ী শওকত আলী চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। গত বুধবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে তিনি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। লক্ষ্য করার মতো বিষয় হলো, এই সাক্ষাতের সময় কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মীরা তাকে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল প্রদান করতে দেখা গেছে।

তবে এই বৈঠকের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, কে এই সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন এবং সেখানে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়নি।

বৈঠকের আগে একদল সাংবাদিক শওকত আলীর মুখোমুখি হয়ে তাকে হত্যা মামলায় আসামি হওয়া, ইস্টার্ন ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ২৫ মিলিয়ন ডলারের উৎসসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানতে চান। তবে তিনি কোনো প্রশ্নেরই উত্তর দেননি। বৈঠক শেষ করে সাংবাদিকদের এড়িয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের পেছনের ফটক দিয়ে নিঃশব্দে বেরিয়ে যান।

এদিকে একই দিনে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শওকতের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তদন্তের জন্য একজন নির্দিষ্ট তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে প্রায় ৮ হাজার কোটি টাকা বিদেশে পাচারের গুরুতর অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে এই সংস্থাটি।

শওকত আলী চৌধুরী জাহাজভাঙা খাতের বিতর্কিত প্রতিষ্ঠান এস এন করপোরেশনের চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সারাফাত এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত।

২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় মাদ্রাসাশিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান হত্যার ঘটনায় করা মামলার এজাহারে শওকতের নাম রয়েছে। ওই মামলায় তাকে ৫৪ নম্বর আসামি করা হয়েছে। ২০২৪ সালের ৯ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে। তবে এই মামলাটিতে শওকত জামিন নিয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এমন এক পরিস্থিতিতে হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি কীভাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ পেলেন, তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

শওকতের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণে অনিয়মের অভিযোগও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ পরিদর্শনে দেখা গেছে, তার নিজের, পরিবারের সদস্যদের এবং বেনামি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের তথ্য।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে শওকতের নামে-বেনামে ইস্টার্ন ব্যাংকের ২০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া যায়। অথচ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে একটি ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করতে পারেন।

এই ঘটনার প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন এবং একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন। শেয়ার নিয়ন্ত্রণের এই অভিযোগ এবং এর মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়ে জানতে চাইলেও সাংবাদিকদের কোনো জবাব দেননি শওকত।

শওকতের বিদেশে অর্থ রাখার বিষয়টি নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তার প্রায় ২৫ মিলিয়ন ডলারের সম্পদ শনাক্ত করে তা সাময়িকভাবে আটকে রাখে। পরবর্তীতে ওই অর্থ উদ্ধারে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট এবং অভিযোগটি নিষ্পত্তির জন্য দুদককে নির্দেশ দেন আদালত।

আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দুদক তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে এবং বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর তথ্য সামনে এসেছে। ২৫ মিলিয়ন ডলার কীভাবে যুক্তরাজ্যে গেল, অর্থের বৈধ উৎস কী এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে অর্থ নেওয়া হয়ে থাকলে তা কীভাবে সম্ভব হলো—এসব প্রশ্নেরও কোনো জবাব দেননি শওকত।

বুধবার বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকরা শওকতের কাছে জানতে চান, গভর্নরের সঙ্গে তার বৈঠকের উদ্দেশ্য কী। গভর্নর তাকে ডেকেছেন, নাকি তিনি নিজেই সাক্ষাতের সময় চেয়েছেন, সেটিও জানতে চাওয়া হয়। এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগ, যুক্তরাজ্যে শনাক্ত ২৫ মিলিয়ন ডলারের উৎস এবং বিদেশে অর্থ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছিল কি না, এসব বিষয়ে প্রশ্ন করা হয়।

জুলাই আন্দোলনের সময়ের হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হয়েও তিনি কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন এবং মামলায় জামিন নিয়েছেন কি না, তা-ও জানতে চান সাংবাদিকরা। গভর্নরের সঙ্গে বৈঠকে কোনো নিয়ন্ত্রক সুবিধা নেওয়া বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না, সে প্রশ্নও করা হয়।

কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেননি শওকত। বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের মুখোমুখি না হয়ে বাংলাদেশ ব্যাংকের পেছনের ফটক দিয়ে বেরিয়ে যান তিনি।

এই বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মুক্তকণ্ঠকে বলেন, “তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকার দেখবে। তিনি ব্যবসায়ী হিসেবে হয়তো বাংলাদেশ ব্যাংক এসেছিলেন। মামলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু করার নেই।”