প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুখমিলা জামানসহ মোট ১৭ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে মুক্তকণ্ঠকে বলেন, “এ মামলায় সাইফুজ্জামানকে ১৫ বছরের কারাদণ্ড এবং ৫০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। তাঁর স্ত্রী রুখমিলা জামানকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। বাকি ১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।” তিনি আরও জানান, মামলার অন্য ১৯ জন আসামিকে আদালত খালাস দিয়েছেন।
সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী ছাড়াও সাজাপ্রাপ্ত অন্য ১৫ জন হলেন মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও উৎপল পাল। সাজাপ্রাপ্ত এই ব্যক্তিরা সবাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও আরামিট গ্রুপের কর্মকর্তা। আদালতের রায়ে তাঁদের কয়েকজনকে ১০ বছর, কয়েকজনকে পাঁচ বছর এবং অন্যদের তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ জুলাই সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ মোট ৩১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে গত ৫ জানুয়ারি আদালতে ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে এই অর্থ আত্মসাতের ঘটনাটি ঘটে।
তদন্ত প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করা হয় এবং পরবর্তীতে বিদেশে পাচার করা হয়। এই উদ্দেশ্যে সাইফুজ্জামান তাঁর মালিকানাধীন আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে মালিক হিসেবে দেখিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর জাল নথিপত্র তৈরি করে ইউসিবির পোর্ট শাখা থেকে ওই প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়।
দুদক আরও জানিয়েছে, ঋণ অনুমোদনের পূর্বেই ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ প্রদান করেছিল। তবে সেই সতর্কবার্তাগুলো উপেক্ষা করেই ঋণ অনুমোদন করা হয়। উল্লেখ্য, ওই সময়ে ইউসিবির চেয়ারম্যান ছিলেন রুখমিলা জামান। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সাইফুজ্জামান কার্যত ‘ডি-ফ্যাক্টো’ চেয়ারম্যান হিসেবে ব্যাংকটি নিয়ন্ত্রণ করতেন এবং বোর্ড সভায় উপস্থিত থেকে ঋণ অনুমোদনে সরাসরি প্রভাব বিস্তার করতেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ঋণের ২৫ কোটি টাকার মধ্যে প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকা সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের পূর্ববর্তী দায় পরিশোধে ব্যবহৃত হয়। বাকি ৯ কোটি ৪১ লাখ টাকা ইউসিবির জুবিলি রোড শাখা থেকে নগদে উত্তোলন করা হয়।
দুদকের দাবি, এই অর্থ হুন্ডি ও হাওলা প্রক্রিয়ায় প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাচার করা হয়। সেখান থেকে পরবর্তীতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পদ ক্রয় করা হয়।
তদন্তের বিস্তারিত তথ্যে বলা হয়েছে, মামলার তদন্ত চলাকালীন রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের এক প্রতিবেশীর বাসা থেকে ২৩ বস্তা নথিপত্র ও আলামত উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, এসব নথিতে বিদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা মূল্যের ১ হাজার ১০০টির বেশি ফ্ল্যাট ও অন্যান্য আবাসনসম্পদ কেনার তথ্য পাওয়া গেছে।
এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে দুদকের ভাষ্যমতে, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাঁরা বিদেশে চলে যান।
দুদকের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রসহ অন্তত ৯টি দেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, দুবাইয়ে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ১০টি বাড়ির তথ্য পেয়েছে সংস্থাটি। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াতেও তাঁর সম্পদ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।