নাটোরের নলডাঙ্গা উপজেলায় ফজরের আজান দেওয়ার সময় মো. সৈয়দ ইসলাম (৬০) নামের এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের চর বাঙ্গালপাড়া জামে মসজিদে এই নৃশংস ঘটনাটি ঘটে।

আহত মুয়াজ্জিন সৈয়দ ইসলাম চর বাঙ্গালপাড়া গ্রামের মৃত শাহাদ হোসেনের পুত্র। ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোরবেলায় মসজিদের মুয়াজ্জিন সৈয়দ ইসলাম ফজরের আজান দেওয়া শুরু করেন। আজান চলাকালীন হঠাৎ করেই তা বন্ধ হয়ে গেলে আশপাশের মানুষ সন্দেহ করেন এবং দ্রুত মসজিদের দিকে ছুটে যান। সেখানে পৌঁছে তারা দেখতে পান, মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তবে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কোনো তথ্য দিতে পারেননি। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত মুয়াজ্জিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”