নাটোরের নলডাঙ্গায় একটি দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা থেকে কৌশলে সরিয়ে নেওয়া প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নাটোর পুলিশ সুপার কার্যালয়ের চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শরিফুল হক এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ৯ সেপ্টেম্বর নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ গ্রামে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যান এবং এক যাত্রী আহত হন। স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ সুপার আরও জানান, সেই সুযোগে গ্রেপ্তার ব্যক্তিরা অটোরিকশায় থাকা তিনটি চটের বস্তায় ভরা গাঁজা কৌশলে সরিয়ে নিয়ে নিজ নিজ বাড়িতে লুকিয়ে রাখেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার পাঁচ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, দুর্ঘটনাকবলিত সিএনজিতে থাকা গাঁজা কয়েকজন ব্যক্তি সরিয়ে নিয়েছেন। এই তথ্যের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বুড়িরভাগ গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বুড়িরভাগ গ্রামের মঈন উদ্দিনের ছেলে পারভেজ মোস্তফা, নাছির শেখের ছেলে নজরুল ইসলাম এবং মৃত কটু প্রামাণিকের ছেলে শাহাদৎ হোসেন।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।