নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুঠিমারি বাজার এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন প্রধান আসামি এসকেন শেখ এবং তার ভাই নয়ন শেখ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬) তাদের আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির বিশেষ সহায়তায় গত ৪ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া এসকেন শেখ ও নয়ন শেখ উভয়েই কালিয়া উপজেলার পুঠিমারি গ্রামের বাবলু শেখের সন্তান।
ঘটনার বিস্তারিত বিবরণ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াগাতী থানার পুঠিমারি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান এসআই মুরাদ হোসেন ও এসআই হাসান। ওই অভিযানে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশ যখন তাকে হ্যান্ডকাফ পরিয়ে পুঠিমারি বাজারের দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এসকেনের বাবা, ভাই এবং আরও কয়েকজন স্বজন অতর্কিত হামলা চালান। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে এবং হ্যান্ডকাফ পরা অবস্থাতেই এসকেন শেখকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় এসআই মুরাদ হোসেন আহত হন এবং হামলাকারীরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী দ্রুত অতিরিক্ত পুলিশ সদস্য পাঠিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। ওই দিনই পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত ছয়জন আসামিকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি এসকেন শেখ দীর্ঘ সময় ধরে ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী মুক্তকণ্ঠকে বলেন, ‘এর আগে মামলার এজাহারভুক্ত ছয়জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গত রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬-এর সহায়তায় প্রধান আসামি এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’