নড়াইলের নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হন এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে ঘটনাস্থল থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াগাতী থানার পুঠিমারি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামি এসকেন শেখ (৩৫) খাশিয়াল ইউনিয়নের পুঠিমারি গ্রামের বাবলু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও এসআই হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে পুঠিমারি এলাকায় অভিযান চালান। এ সময় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরানো হয়। পরে তাকে নিয়ে পুঠিমারি বাজারের দিকে যাওয়ার সময় তার বাবা, ভাই ও কয়েকজন স্বজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালান।
পুলিশের অভিযোগ, হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফ পরা অবস্থায় এসকেন শেখকে ছিনিয়ে নিয়ে যান। এতে এসআই মুরাদ হোসেন আহত হন। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী অতিরিক্ত পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুঠিমারি ঈদগাহ গেটের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাফটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার বিষয়ে এসআই মুরাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী মুক্তকণ্ঠকে বলেন, "আমার দুজন অফিসার গতকাল এসকেন শেখ নামে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামির বাবা, ভাই ও স্বজনরা আমার অফিসারদের মারধর করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।"
এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।