ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে যে, তারা মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করেছে। আইআরজিসির শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি এই দাবি উত্থাপন করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, “মার্কিনরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তারা নিজেদের ইচ্ছায় সরে যায়নি; ইসলামি প্রজাতন্ত্র ও আইআরজিসির স্থলবাহিনীর ক্ষমতার কারণেই তারা এটি করতে বাধ্য হয়েছে।”
রিয়ার অ্যাডমিরাল ফাদাভি আরও দাবি করেন যে, বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে এখন আর কোনো মার্কিন যুদ্ধজাহাজ অবশিষ্ট নেই। তিনি সতর্ক করে বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার শিকার হওয়ার “১০০ শতাংশ ঝুঁকিতে রয়েছে”।
তবে ফাদাভির এই দাবি এমন এক সময়ে সামনে এল, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন বন্দরে কঠোর নৌ অবরোধ বজায় রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে, “কঠোরভাবে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে” তারা জুলাই মাস থেকে মোট ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।