পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের কন্যা আয়শা আক্তার শিথিল তার বড় ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল, উত্তরাধিকার সূত্রে প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা এবং ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, বাবার মৃত্যুর পর বড় ভাই মো. শিপলু খান পৈতৃক সম্পত্তির অধিকাংশ এককভাবে ভোগদখল করছেন।
রোববার (৪ অক্টোবর) ঢাকার রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে প্রদত্ত লিখিত বক্তব্যে আয়শা আক্তার শিথিল জানান, তাদের বাবা শাহজাহান খান ২০২২ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় এক হামলায় আহত হন। পরবর্তীতে ২৮ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
আয়শার দাবি, বাবার মৃত্যুর পর রেখে যাওয়া স্থাবর ও অস্থাবর সম্পত্তির আইনগত উত্তরাধিকারী হিসেবে তারা তিন ভাই-বোন। তবে বড় ভাই শিপলু খান তার ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সমস্ত সম্পত্তি এককভাবে দখল করে নিয়েছেন। নিজেদের ন্যায্য হিস্যা দাবি করতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, এই ঘটনার প্রেক্ষিতে তার মা ২০২৪ সালের ৭ মে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। একই দিনে তিনি নিজেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে সম্পত্তিতে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পটুয়াখালী পৌরসভায় আবেদন করা হয়।
আয়শা বলেন, তাদের বাবার পটুয়াখালীর আদালতপাড়া এলাকায় প্রায় ১০ কাঠা জমির ওপর একটি বাড়ি, সদর রোডে একটি ছয়তলা হোটেল এবং সবুজবাগ এলাকায় একটি বহুতল ভবন রয়েছে। ওই বহুতল ভবনে ১৯টি ফ্ল্যাট রয়েছে বলে তিনি দাবি করেন। এসব সম্পত্তি থেকে নিয়মিত আয় হলেও তারা তার কোনো অংশ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
নিজের করুণ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার আব্বার সবুজবাগে ১৭টি ফ্ল্যাট এবং আদালতপাড়ায় বাড়ি থাকা সত্ত্বেও আমি পটুয়াখালীতে ৪ হাজার টাকা ভাড়ার বাসায় থাকি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কোনোরকমে জীবনযাপন করছি।’
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ছোট ভাই শাখিল খান বর্তমানে থাকার জায়গা না পেয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এছাড়া আয়শা অভিযোগ করেন, তাদের বাবার ব্যবসায়িক ঋণের একটি অংশ এখনো পরিশোধ হয়নি। এই কারণে পূবালী ব্যাংক পিএলসি পটুয়াখালী শাখা ২০২৬ সালের ১২ জানুয়ারি একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে তিনি ব্যাংকে আবেদন করে নিলাম প্রক্রিয়া স্থগিত করান বলে দাবি করেন। তার অভিযোগ, সম্পত্তি নিলামে তুলে তা নিজেদের নামে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শিপলু খানের বিরুদ্ধে মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজি এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও তোলেন আয়শা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা শাহজাহান খানের তিন সন্তান। অথচ শুধু আমার বড় ভাই বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুবিধা ভোগ করছেন। আমরা আমাদের ন্যায্য পৈতৃক সম্পত্তি চাই।’
বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাথিল খান বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আমার ভাইয়ের তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সখ্যতা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। এখন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।”
তিনি আরও বলেন, “৪ বছর ধরে আমাকে বাসায় ঢুকতে দেন না। সব সম্পত্তি সে একাই ভোগ দখল করছেন। আমরা এর সঠিক বিচার চাই।”