পটুয়াখালীর দুমকি উপজেলায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের সময় লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান হোসেন ওরফে সুমন মোল্লাসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর মুসুল্লির একটি পরিত্যক্ত টিনের ঘরে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে আটক ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন, তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ধরে ফেলে।

আটককৃতদের পরিচয় পাওয়া গেছে— লেবুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা (২৮), মৃত কালাম মৃধার ছেলে রায়হান মৃধা (২৬), হাবিব খানের ছেলে মো. কুদ্দুস খান ওরফে সোহেল এবং ৪ নম্বর ওয়ার্ডের মজিবর মাঝির ছেলে হৃদয় মাঝি (২১)।

অভিযান চলাকালীন পুলিশ মাদক সেবনের আলামত লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তল্লাশির সময় ইমরান হোসেনের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এই ঘটনায় ইমরান হোসেনের ছাত্রদল সংশ্লিষ্টতার বিষয়ে দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার জানান, কমিটি দেওয়ার পর ইমরান হোসেন মৌখিকভাবে উপজেলা ছাত্রদল থেকে পদত্যাগ করার কথা বলেছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনো লিখিত আবেদন পাননি বলে উল্লেখ করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, এই ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।