বিশ্ব হার্ট দিবস উদ্‌যাপন উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী একটি ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করা হয়। এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে হৃদরোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে তিন শতাধিক রোগী বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসক এই সেবায় নিয়োজিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অমল কুমার চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিয়াক সার্জারি) মুহাম্মদ কামরুজ্জামান, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন আশরাফুল হক, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সানিয়া হক, এম এ হাসনাত, সামি নজরুল ইসলাম; কার্ডিওভাসকুলার সার্জন রোমেনা রহমান, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আবদুল জাব্বার; কিডনি রোগ বিশেষজ্ঞ সারাবান তাহুরা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ নাসরিন আক্তার।

রাজধানীর পাশাপাশি একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। সেখানে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেসের কনসালট্যান্ট (হৃদ্‌রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ) মো. আশরাফুল আলম সিদ্দিক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

হাসপাতালের এই মানবিক উদ্যোগ সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল শুধুই একটি প্রাইভেট হাসপাতাল নয়। সামাজিক দায়বদ্ধতা আমাদের হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। দীর্ঘদিন ধরে রোগীদের জন্য আমরা ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করে আসছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’