হার্টের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে মাসব্যাপী এক বিশেষ কর্মসূচির সূচনা করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের সাম্প্রতিক অর্জন এবং চিকিৎসার ক্ষেত্রে অর্জিত অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) মোহাম্মদ ইব্রাহিম এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ) হাসিনা বানু।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ ইব্রাহিম বলেন, "ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি প্রমাণ করে উন্নত মানের কার্ডিয়াক চিকিৎসাসেবা এখন দেশেই পাওয়া সম্ভব।"

অন্যদিকে, বিশেষ অতিথি হাসিনা বানু হৃদ্‌রোগের ঝুঁকি ও সচেতনতার গুরুত্ব উল্লেখ করে বলেন, “বাংলাদেশে হৃদ্‌রোগে আক্রান্তদের বেশির ভাগই বংশগত কারণে ঝুঁকিতে থাকেন। তাই চিকিৎসক হিসেবে এটা আমাদের দায়িত্ব সাধারণ মানুষকে সচেতন করা এবং এমন উদ্যোগ নেওয়া, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম হৃদ্‌রোগের ঝুঁকি নিয়ে বেড়ে না ওঠে।”

স্বাস্থ্যসেবায় ইউনাইটেড গ্রুপের দীর্ঘমেয়াদী অঙ্গীকার ও পরিকল্পনা সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেন ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ।

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান এ কিউ এম মোহসেন তার বক্তব্যে বলেন, “২০২৬ সালে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, আর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কাজ করছে।”