২০২৭ সালের জানুয়ারি সেশনের এফসিপিএস পার্ট-১-এর লিখিত পরীক্ষার সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে প্রকাশিত এই সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই পরীক্ষা কার্যক্রম চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা ধরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে রাজধানীর মহাখালীতে অবস্থিত বিসিপিএস ভবন।

এবারের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে সাধারণ বিষয় রয়েছে ২৭টি এবং বিশেষায়িত বিষয় রয়েছে ৩৮টি।

সময়সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিসিন অ্যান্ড অ্যালাইড, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের পরীক্ষা।

পরদিন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানাসথেসিওলজি, অ্যানাটমি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ফরেনসিক মেডিসিন, অফথালমোলজি অ্যান্ড অ্যালাইড, ওটোল্যারিনগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি, ফার্মাকোলজি, ফিজিওলজি, সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, রেডিওথেরাপি, সার্জারি অ্যান্ড অ্যালাইড ও ট্রান্সফিউশন মেডিসিনের পরীক্ষা।

সবশেষে ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে ডেন্টাল সার্জারি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডনটিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স অ্যান্ড প্রস্থোডনটিক্স), অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড অ্যালাইড এবং পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইডের পরীক্ষা নেওয়া হবে।