সাতক্ষীরার দেবহাটায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আছাফুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের পুত্র। উল্লেখ্য, মামলার এজাহারে ২ নম্বর আসামি হিসেবে উল্লেখিত আবু সুফিয়ানের তিনি পিতা।

দেবহাটা থানা পুলিশ থেকে জানা গেছে, এসআই মো. ইব্রাহিম মোল্ল্যা তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করেন। আটক করার পর আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা চালানো হয়। অভিযোগ করা হয়েছে যে, হামলাকারীরা খামারে ঢুকে ভাঙচুর চালায় এবং লুটপাট করে। ভুক্তভোগীদের দাবি, অস্ত্রের মুখে খামারের মালিকের স্বজনদের জিম্মি করে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর কদমখালির বাসিন্দা ও খামারি আনছার আলী বিশ্বাস দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে নির্দিষ্ট কয়েকজনের নামের পাশাপাশি আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়ার পর উক্ত আসামিকে গ্রেপ্তার করে।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, “পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”