সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে গভীর রাতে চুরির অভিযোগে একটি চোরের দল গ্রামবাসীর ধাওয়ার মুখে পালিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই সময় চোরেরা দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি বন্দুক প্রদর্শন করে দুই রাউন্ড গুলি ছোঁড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত ভ্যানে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাদের এই গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ডাক-চিৎকার শুরু করেন। পরে তিলকুড়া গ্রাম ও আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের ধাওয়া করেন।
স্থানীয় চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, "গ্রামবাসীর ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করে। একপর্যায়ে কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়।"
ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, স্থানীয়দের জোরালো ধাওয়ার মুখে চোরেরা চুরি করা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা মালামালের বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, "এলাকাবাসী ও ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জানার পর দেবহাটা থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।"
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, "ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তদন্ত করছে।"