রাজধানীর হাতিরঝিল এলাকায় ঢাকা–১২ আসনে বিএনপি-সমর্থিত ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম (ফুটবল প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোদাল প্রতীকের তিনজন সমর্থক আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা মুক্তকণ্ঠকে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাইফুল হক বলেন, মগবাজার–মীরবাগ এলাকায় মিছিল শেষে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থক মাসুমের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তাঁদের কর্মীদের ওপর হামলা চালান। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেন।
সাইফুল হক বলেন, আহত ব্যক্তিদের একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় তাঁরা মামলা করবেন। একই সঙ্গে ১২ আসনের কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে বাড়তি নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
এদিকে সাইফুল আলম মুক্তকণ্ঠকে বলেন, তাঁদের মিছিলের ভেতরে (সাইফুল হকের সমর্থকেরা) জোর করে ঢোকার চেষ্টা করেছে। এতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আরেকজনের জনসংযোগে জোর করে ঢোকার তো প্রয়োজন ছিল না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগার প্রয়োজন ছিল না তো।






