চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু শনাক্ত হওয়ার মাত্র তিন দিন পর তার এই অকাল প্রয়াণ ঘটে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার বাসিন্দা। তিনি আসমত আলী মোল্লা বাড়ির পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের পুত্র। সাইফুল দীর্ঘ সময় ধরে স্থানীয় হেয়াকো বাজারে পল্লী চিকিৎসক হিসেবে সেবা প্রদান করে আসছিলেন। জানা গেছে, প্রায় এক বছর আগেই তার বিয়ে হয়েছিল।

বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কয়েক দিন ধরে জ্বর ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন সাইফুল। তিন দিন আগে স্বাস্থ্য পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপস্থিতি শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত শনিবার বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে।