গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা মিয়া (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে ওই এলাকার মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠ থেকে পুলিশ রানার মরদেহ উদ্ধার করে।

নিহত রানা মিয়া টঙ্গীর এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গাজীপুরা পশ্চিমপাড়ার মো. হানিফ নামের এক ব্যক্তির বাড়িতে চোর সন্দেহে রানাকে আটক করা হয়। এসময় বাড়ির কেয়ারটেকারসহ কয়েকজন ভাড়াটিয়া তাকে প্রচণ্ড মারধর করেন। এরপর সকাল সাড়ে ১১টার দিকে মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে রানার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনা প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর রানার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।"