হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমন হোসেনকে (৪৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ৯টায় গাজীপুর জেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দিনাজপুরের বিরল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইমন হোসেন জেলার বিরল উপজেলার মহাজনপাড়া (জগতপুর) গ্রামের হাবিবুর রহমান ওরফে বাবুর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান থানা এলাকায় এক ব্যক্তিকে জবাই করে হত্যার মামলায় আসামি ছিলেন ইমন হোসেন। দীর্ঘ সময় পলাতক থাকায় মামলার চার্জ গঠনের পর আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত জিআর (সাজা) মৃত্যুদণ্ড ওয়ারেন্ট জারি করেন।

আসামির স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার মহাজনপাড়া (জগতপুর) হওয়ায় তার ওয়ারেন্ট দিনাজপুর জেলায় পাঠানো হয়। এরপর বিরল থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শনিবার সকালে গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে।