বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। আজ চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মারুফুল হকের নেতৃত্বাধীন দলটি ৫-১ গোলের জয় তুলে নেয়।

লিগের প্রথম ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ড্র করা আবাহনী এখন দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ের সৌজন্যে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। এই ফলাফলের পর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে তারা। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পুলিশ এফসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আবাহনী। চতুর্থ মিনিটেই অ্যান্টনি ওকাচির গোলে লিড নেয় তারা। এর মাত্র দুই মিনিট পর মঈদ আহমেদ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ১৩ মিনিটে জাহিদ হোসেনের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ ধরে রাখে আবাহনী। ৩৩ মিনিটে মাইকেল বাবাতুন্দের গোলে স্কোরলাইন ৩-১ হয়।

দ্বিতীয়ার্ধে এই আধিপত্য আরও স্পষ্ট হয়। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ওকাচি। সবশেষে যোগ করা সময়ে আল-আমিন পঞ্চম গোল করে দলের জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখেছিল আবাহনী। তাদের নেওয়া ১৮টি শটের ১০টিই ছিল লক্ষ্যে, যার ফল ৫-১ গোলের বড় জয়।

দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় ঢাকা সিটি ক্লাবের মুখোমুখি হয়ে ৩-৩ গোলে ড্র করেছে ফর্টিস। এই ড্রয়ের পর দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ফর্টিস এবং চতুর্থ স্থানে আছে ঢাকা সিটি ক্লাব।

এদিকে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ও রহমতগঞ্জের লড়াই ২-২ গোলের ড্রতে শেষ হয়েছে। ফলে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে থাকা আরামবাগের পয়েন্ট ২ এবং দশম স্থানে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১। ১৩ দলের এই লিগে এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম সিটি এফসি।