আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন মেয়াদে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেক ক্ষেত্রে ছুটির মেয়াদ দীর্ঘ হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সর্বোচ্চ ১৪ দিন, স্কুলে ১০ দিন এবং মাদ্রাসায় ৫ দিন ছুটি থাকছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন সরকারি ছুটি নির্ধারিত হয়েছে। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটির সঙ্গে তা যুক্ত হয়ে টানা ৯ দিন ছুটি হচ্ছে। এছাড়া ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি পাবেন। ফলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির মেয়াদ সবচেয়ে বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি রাখা হয়েছে। এর সাথে ছুটির আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ছুটির মেয়াদ দাঁড়াচ্ছে ১৪ দিন।

অন্যদিকে, মাদ্রাসায় পূজার ছুটি তুলনামূলক কম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন পূজার ছুটি থাকবে। এর পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা টানা ৫ দিনের ছুটি পাবেন।