প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের প্রেক্ষিতে রাজধানী ঢাকাসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে চারটি জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার অধিদপ্তরের পক্ষ থেকে অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি এই নির্দেশনা পাঠানো হয়েছে, যেখানে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনাপত্রে জানানো হয়েছে যে, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি বাঙলা কলেজসহ বেশ কিছু স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
এই পরিদর্শনের প্রেক্ষাপটে ঢাকা মহানগরীসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চার দফা নির্দেশনা কঠোরভাবে মেনে চলেন।
মাউশির দেওয়া সেই নির্দেশনাগুলো হলো: প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।