শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ৯ দিন বন্ধ থাকবে। সরকারি ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে এই দীর্ঘ বিরতি আসছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি হিসেবে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। এই সময়ে দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

ছুটির তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, দুর্গাপূজার ছুটির ঠিক আগেই ১৬ ও ১৭ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। এরপর দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবরও (শুক্রবার ও শনিবার) আবার সাপ্তাহিক ছুটি থাকছে।

এভাবে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট নয় দিন ধরে শিক্ষার্থীরা ছুটি উপভোগ করতে পারবেন। ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি শেষ হয়ে আগামী ২৫ অক্টোবর (রোববার) থেকে আবার নিয়মিত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে।