মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা এবং মাউশির নিজস্ব নির্দেশনাবলি কঠোরভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে এই পত্রিকায়।
মাউশির সকল পরিচালক এবং আঞ্চলিক পরিচালকদেরও একই ধরনের নির্দেশনা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক টিপু সুলতানের স্বাক্ষরিত এই নির্দেশনায় তথ্যটি নিশ্চিত করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং মাউশি অধিদপ্তরের প্রাসঙ্গিক নির্দেশনাবলি প্রতিপালনের লক্ষ্যে গত ১৭ আগস্ট একটি পূর্ববর্তী নির্দেশনা জারি করা হয়েছিল।
এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষা পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের নির্দেশিকা পরিপন্থি, আপত্তিকর, বিভ্রান্তিকর বা ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো কার্যক্রম নজরে এলে তা প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ মনিটরিং কমিটির আহবায়ককে অবহিত করতে হবে।
সরকারের এই নির্দেশিকা কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করা হয়েছে কি না এবং মনিটরিং কমিটিতে প্রাপ্ত তথ্য মাউশিতে প্রেরণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে বলা হয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ই-মেইলে ( [email protected] ) এসব তথ্য জানাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব পরিচালক, সব আঞ্চলিক পরিচালক ও সব অধ্যক্ষকে নির্দেশনা দেওয়া হয়।