ভোর আলো ফুটতেই নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নিতপুর ঘাটে শুরু হয় জেলেদের হাঁকডাক। সারা রাত ধরে সীমান্তঘেঁষা পুনর্ভবা নদী থেকে গুচি, বাইম, আইড়, বোয়াল, টেংরা, পাবদা এবং দেশি শোল-টাকির মতো সুস্বাদু মাছ আহরণ করে ঘাটে নিয়ে আসেন তারা। এখানে তাজা মাছ দ্রুত বাছাই করে নিতপুর পুরাতন বাজারে পাঠানো হয়, যেখানে পাইকারি ও খুচরা ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতায় ভোরের বেলায়ই জমে ওঠে ব্যস্ত বেচাকেনা।
পুনর্ভবা নদীর মাছের অনন্য স্বাদ ও উচ্চ চাহিদার কারণে প্রতিদিন ভোরেই এই বাজারে সাধারণ ক্রেতা ও দূর-দূরান্ত থেকে আগত পাইকারদের বিশাল ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় চাহিদা মেটাতে এখানকার মাছ আশপাশের বিভিন্ন আড়তেও সরবরাহ করা হয়।
স্থানীয় জেলে আব্দুস সালাম মুক্তকণ্ঠকে জানান, "পুনর্ভবা নদীর মাছের স্বাদ ও চাহিদা সবসময়ই আলাদা। সারা রাত নদী থেকে মাছ ধরে ভোরে নিতপুর ঘাটে এনে তারা তা বাছাই করেন। পুরাতন বাজারে নিয়ে যাওয়ার পরপরই ক্রেতা ও পাইকাররা প্রতিযোগিতা করে তা কিনে নেন। নদীর তাজা মাছের এই ঘাটের আনাগোনা এবং নিতপুর পুরাতন বাজারের জমজমাট বেচাকেনা স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক সচ্ছলতা আনার পাশাপাশি স্থানীয়দের জন্য তাজা মাছের নির্ভরযোগ্য ভরসাস্থল হিসেবে পরিচিতি ধরে রেখেছে।"
অন্য এক জেলে লিটন জানান, ভোরের দিকে নদীতে মাছের আনাগোনা বেশি থাকে। ভারতীয় সীমান্তঘেঁষা পুনর্ভবা নদীতে দেশীয় মাছের বিচরণও তুলনামূলক বেশি। তিনি ও তার দল দীর্ঘ সময় ধরে নদী থেকে মাছ শিকার করে ঘাটে আসেন। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ কেজি মাছ ধরে থাকেন তারা। এই মাছ বিক্রির মাধ্যমেই তাদের সংসার-সংগ্রামের চাকা সচল থাকে। মূলত মাছ ধরা এবং তা বাজারে বিক্রি করেই তাদের জীবন-জীবিকা নির্বাহ হয়।
এই ঘাটে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারের চলমান দরদাম অনুযায়ী, সরপুঁটির দাম ১৮০–২০০ টাকা, ছোট পুঁটি ৪০–৮০ টাকা, বাইম ৪০০–৭০০ টাকা, আইড় প্রকারভেদে ৩০০–৪০০ টাকা, বোয়াল ওজনভেদে ৩৫০–৬০০ টাকা, টেংরা ৩৫০–৫০০ টাকা, পাবদা ২০০–২৫০ টাকা, ছোট চিংড়ি ৫০০–৮০০ টাকা এবং শোল, টাকিসহ অন্যান্য ছোট মাছ ১৫০–৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপাহার থেকে আগত পাইকারি মাছ ব্যবসায়ী স্বাধীন হোসেন জানান, ফজরের আজানের আগে থেকে তারা ঘাটে এসে মাছ কেনার জন্য বসে থাকেন। এই নদীর ছোট ও বড় মাছ সুস্বাদু হওয়ায় এর চাহিদা বেশি থাকে। ঘাট থেকে মাছ সংগ্রহ করে তারা সরাসরি পাইকারি মাছ বাজারে নিয়ে তা বিক্রি করেন।
বাড়ির জন্য মাছ নিতে আসা জামিল নামের এক ক্রেতা জানান, অল্প মাছ কেনার জন্য তারা সকালে আসেন। এখানে দেশীয় সব মাছই পাওয়া যায়, যা প্রতিদিন তার পরিবারের মাছের চাহিদা মেটায়। তিনি প্রায়ই এখান থেকে মাছ কিনে বাড়ি যান।
পোরশা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আইয়ূব আলী মুক্তকণ্ঠকে জানান, "পুনর্ভবা নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সরকার ও মৎস্য অধিদপ্তর নানা পদক্ষেপ নিয়েছে। এই নদীর মাছ স্থানীয় পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় বাজারে তাজা মাছের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে মৎস্য বিভাগ সবসময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করে আসছে।"