বাণিজ্যিক যুগেও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে নওগাঁর পোরশা উপজেলার ‘মুসাফিরখানা’। গত ১১৮ বছর ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্লান্ত পথচারীদের জন্য এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ তিন দিন পর্যন্ত অতিথিরা এখানে রাতযাপন ও খাবারের সুযোগ পাচ্ছেন। বরেন্দ্র অঞ্চলে এই শতবর্ষী উদ্যোগটি আজও সামাজিক দায়িত্বপালনের একটি বিরল মডেল হিসেবে পরিচিত।
ইতিহাস গবেষণায় জানা যায়, ১৯০৮ সালে নওগাঁ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত অনুন্নত। তখন দূর-দূরান্তে ব্যবসা বা তীর্থযাত্রায় মানুষকে হেঁটে বা গরুর গাড়িতে ভ্রমণ করতে হতো। মেঠোপথে সন্ধ্যার পর ডাকাত ও বন্যপ্রাণীর আতঙ্ক থেকে বাঁচতে মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তা তৈরি হয়। তৎকালীন একজন ব্যবসায়ী খাদেম মোহাম্মদ শাহ কলকাতা গেলে সেখানকার মুসাফিরখানা দেখে অনুপ্রাণিত হন এবং নিজ জন্মভূমিতেও এমন একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ার সিদ্ধান্ত নেন।
পরিকল্পনা অনুযায়ী, তিনি পোরশায় নিজ বাসভবনের পাশে মাটির দেয়াল ও টিনের ছাদ বিশিষ্ট চার কক্ষের একটি মুসাফিরখানা নির্মাণ করেন। তার মৃত্যুর পরেও এই মানবিক কাজ অব্যাহত রাখতে তিনি ৮০ বিঘা জমি ওয়াকফ করে যান। সময়ের সাথে সাথে সেই ওয়াকফকৃত সম্পত্তির আয়ে ১৯৮৮ সালে পুরোনো ঘরের স্থানে একটি আধুনিক দ্বিতল ভবন নির্মাণ করা হয়। বর্তমানে পোরশা সদরের মিনা বাজারে অবস্থিত এই প্রতিষ্ঠানে ১৬টি কক্ষ ও একটি হলরুম রয়েছে, যা একসঙ্গে প্রায় ৬০ জন অতিথিকে আশ্রয় দিতে সক্ষম।
প্রতিষ্ঠাতার প্রপৌত্র ষাটোর্ধ্ব ফারুকুজ্জামান শাহ মুক্তকণ্ঠকে জানান, এই প্রতিষ্ঠানে যে কোনো ধর্ম ও বর্ণের মানুষের প্রবেশাধিকার রয়েছে। একসময় এখানে প্রতিদিন তিন বেলা বিনামূল্যে খাবার দেওয়া হতো। তবে বর্তমানে নিজস্ব সম্পত্তির আয়ে প্রতি বুধবার দুপুরে অতিথিদের বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। অন্য দিনগুলোতে দুপুর ও রাতের খাবার খেতে চাইলে অতিথিদের যথাক্রমে সকাল ৯টা এবং বিকেল ৪টার মধ্যে কর্তৃপক্ষকে আগাম জানাতে হয়। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য বর্তমানে একজন ম্যানেজার ও দুজন কর্মচারী নিয়োজিত রয়েছেন।
দীর্ঘ ১৮ বছর ধরে এখানে আগত অতিথিদের সেবা দিয়ে আসছেন খাদেম মোসলেম উদ্দিন। তিনি মুক্তকণ্ঠকে জানান, প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ জন মানুষ এখানে রাত্রিযাপন করেন। এখানে বেশ শৃঙ্খলা মেনে চলতে হয়, অতিথিদের নিজেদের বিছানা নিজেদেরই প্রস্তুত করতে হয় এবং পরিচ্ছন্নতার বিষয়েও সচেতন থাকতে হয়।
বর্তমানে পোরশা উপজেলা সদর বা এর আশপাশে কোনো বাণিজ্যিক আবাসিক হোটেল গড়ে ওঠেনি। ফলে দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী, পর্যটক ও পথচারীদের একমাত্র ভরসাস্থল এই মুসাফিরখানা। স্থানীয় প্রবীণদের মতে, একসময় গরুর গাড়িতে চলাচলকারী মানুষেরা রাতের আতঙ্ক থেকে বাঁচতে এখানে আশ্রয় নিতেন। যুগের পরিবর্তন হলেও এই মুসাফিরখানার আতিথেয়তায় কোনো ঘাটতি পড়েনি। এখানে থাকা অতিথিরা জানান, প্রত্যন্ত অঞ্চলে সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার এমন চমৎকার ব্যবস্থা সত্যিই বিরল, আর এখানকার মানুষের আন্তরিকতাও প্রশংসনীয়।
প্রতিষ্ঠাতা খাদেম মোহাম্মদ শাহ আজ বেঁচে নেই, কিন্তু তার দূরদর্শী চিন্তায় রোপণ করা মানবতার বীজটি আজও হাজারো মানুষের নিরাপদ আশ্রয়। শত বছর পেরিয়ে গেলেও তার নিজ সম্পত্তির উপার্জনে সম্পূর্ণ বিনামূল্যে আশ্রয় ও খাবারের এই দৃষ্টান্ত আধুনিক সমাজের কাছে এক বড় বার্তা।